চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার নগরীর কোতোয়ালি ও বায়েজিদ থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপিয়া সুলতানা লিজা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।
মুহাম্মদ হাসানুজ্জামান জানান, অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ১ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, খাদ্যপণ্য, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন ওষুধ ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, অক্সিজেন মোড় বাজার, বালুচরা বাজার ও কোতোয়ালি থানা এলাকার রেয়াজউদ্দিন বাজারে আলু, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বিক্রেতাদের মূল¨তালিকা এবং পণ্য ক্রয় রশিদ পর্যবেক্ষণ করা হয়। তাদের মূল্যতালিকা প্রদর্শন করতে এবং অনৈতিক মুনাফা না করতে সাবধান করা হয়।
অভিযানে বৃহত্তম পাইকারি আলুর বাজার রেয়াজউদ্দিন বাজারের রাজমহল বাণিজ্যালয়কে মূল্য তালিকায় ২৫ টাকা উল্লেখ করে ৩৬ টাকায় আলু বিক্রি করায় ১০ হাজার, বাগদাদ বাণিজ্যালয়কে মূল¨তালিকা প্রদর্শন না করায় ও অধিক দামে আলু বিক্রি করায় ২৫ হাজার এবং ফার্মেসি, ডিপার্টমেন্টাল স্টোর ও হোটেলসহ সর্বমোট সাত প্রতিষ্ঠানকে বিভিন্ন দায়ে ১ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।