বিএনপির নেতারা সাজিয়ে-গুছিয়ে মিথ্যা বলেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপিকে যুদ্ধাপরাধী, সন্ত্রাস ও জঙ্গিবাদ ছেড়ে রাজনৈতিকভাবে ফ্রেশ হয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সোমবার দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ কমপ্লেক্সে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি অর্থ বিতরণকালে তিনি এই কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, টকশো থেকে শুরু করে সব জায়গায়ই বিএনপির নেতারা এমন সুন্দরভাবে মিথ্যা কথা সাজিয়ে বলেন যে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ডা. জাফরউল্লাহ বলছেন, মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। মধ্যবর্তী নির্বাচন কখন হয়, যখন একটি সরকার দেশ চালাতে পারে না। তখন হয় মধ্যবর্তী নির্বাচন। বাংলাদেশের অর্থনীতি ঠিক আছে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক আছে। দেশ এগিয়ে যাচ্ছে। এখন বলছে মধ্যবর্তী নির্বাচনের কথা। আবার মির্জা ফখরুলের দাবি মধ্যবর্তী নির্বাচন না, ফ্রেশ নির্বাচন দিতে হবে।

মির্জা ফখরুলের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে আগে আপনারা ফ্রেশ হয়ে আসেন। তারপর আপনারা ফ্রেশ নির্বাচনের কথা বলেন। আপনারা রাজনৈতিকভাবে ফ্রেশ না। কারণ, যুদ্ধাপরাধী, খুনি ও মাদক সম্রাটদের সঙ্গে আপনাদের এখনো আঁতাত রয়েছে। আপনারা সেই রাজনীতি এখনো চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিকভাবে ফ্রেশ হন, পবিত্র হয়ে আসেন, তারপর এ ধরনের কথাবার্তা বলেন। এ অপবিত্র মুখে জনগণকে আর এসব কথা বলবেন না। জনগণ ভালো আছে। জনগণকে আতঙ্কিত করবেন না।

খালিদ মাহমুদ বলেন, বিএনপির কিছু নেতা আছেন যারা সবসময় সরকারের সমালোচনা করেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী নয়াপল্টনের আবাসিক প্রতিনিধি। ওখানেই খান ওখানেই ঘুমান। কথা বলতে বলতে অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারপরেও বলেন- কথা বলতে দেয় না। মির্জা ফখরুলের কোনোদিন কি বাকি আছে যেদিন কথা বলেননি! টকশোতে বিএনপির নেতারা এমন সুন্দরভাবে মিথ্যা কথা সাজিয়ে বলতে পারেন যা আমার মতো মানুষও টানাহেঁচড়ার মধ্যে পড়ে যাই। মিথ্যা কথা এমন সুন্দরভাবে বলা যায় এটা বিএনপি নেতাকর্মীদের না দেখলে বোঝা যাবে না!
পরে প্রতিমন্ত্রী বিরল উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে উপজেলার ৯৪টি পূজামণ্ডপে নগদ অর্থ, নতুন কাপড় ও করোনা সামগ্রী বিতরণ করেন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায়। এর আগে প্রতিমন্ত্রী উপজেলার বেলপুকুরিয়া শিবমন্দির ও শ্মশান এবং বিরল রেল স্টেশনে দুর্গামন্দিরের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।