রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক চাইল্ড পর্নোগ্রাফি গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট তিনজন বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হলেও বিষয়টি গতকাল সোমবার গণমাধ্যমকে জানায় সিটিটিসি। গ্রেপ্তারকৃতরা হলো বোরহান উদ্দিন (২৬), আব্দুল্লাহ আল-মাহমুদ (২৫) ও অভি হোসেন (২৫)। এরা প্রত্যেকেই বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী।
সিটিটিসির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ জানান, গত বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুর, পল্লবী ও রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও তিনটি সিপিইউ জব্দ করা হয়। এ ঘটনায় রমনা থানায় একটি মামলা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা নিজেদের পরিচয় গোপন করে দেশি-বিদেশি বিভিন্ন উঠতি বয়সী শিশু ও প্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে পরিচিত হতো। পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইটের মাধ্যমে শিশুদের অসামাজিক কাজে উৎসাহিত করে ন্যুড কনটেন্ট সংগ্রহ করত এবং তা বিভিন্ন ওয়েবসাইটে প্রচার করত। এসব অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের এক দিনের রিমান্ড শেষে গত রবিবার আদালতে পাঠানো হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।