পূজামন্ডপে নিরাপত্তা

পুলিশ না থাকার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

শারদীয় দুর্গাপূজায় মন্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ-আনসার মোতায়েন না করার সিদ্ধান্তে পূজা কমিটিগুলো উদ্বিগ্ন ও সনাতন সম্প্রদায়ের জনগণ শঙ্কিত বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ। সরকারের এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন পরিষদের নেতারা। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা।

মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন তালুকদার বলেন, কিছু কিছু মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠী সনাতনী সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতন চালিয়েছে নির্বাচন-পূর্ববর্তী ও পরবর্তী সময়ে। সংবাদমাধ্যমে নির্যাতন ও নিপীড়নের খবর দেখে সনাতন সম্প্রদায়ের লোকজন এমনিতে শঙ্কিত। এবার দুর্গাপূজায় মন্ডপে স্থায়ী পুলিশ-আনসার না দেওয়ার সিদ্ধান্তে পূজা কমিটিগুলো উদ্বিগ্ন ও সনাতন সম্প্রদায়ের জনগণ আরও শঙ্কিত।