ভারতে ৩ মাসের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ

ভারতে গত ৯০ দিনের মধ্যে দৈনিক সবচেয়ে কম করোনা সংক্রমণ রেকর্ড করা হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪৫ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে।

দেশর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মঙ্গলবারের বুলেটিনের বরাত দিয়ে এনডিটিভি ও এই সময় এ কথা জানিয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৭৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৫৮৭ জন।

এ নিয়ে ভারতে মোট করোনা সংক্রমণ ৭৫ লাখ ৯৭ হাজার ৬৩ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ১৯৭ জনে।

সেপ্টেম্বরের মাঝামাঝিতে সংক্রমণ শিখর ছোঁয়ার পর ক্রমশ কমছে আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণ প্রায় লাখ থেকে কমে ৪৫ হাজারে নেমে এসেছে।

কেন্দ্রীয় সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটি গাণিতিক মডেলে বিশ্লেষণ করে রবিবারই দাবি করেছিল, মধ্য-সেপ্টেম্বরে ভারতে করোনা সংক্রমণ শিখর (পিক) ছুঁয়েছে। এবার নতুন সংক্রমণের সংখ্যা কমবে।

তবে রিপোর্টে সতর্ক করে বলা হয়, ‘ভারতের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছে। ফেব্রুয়ারির মধ্যেই এই ৩০ শতাংশ ৫০ শতাংশে পৌঁছতে পারে।’

এতে বলা হয়, আসন্ন উত্‍‌সবের দিনগুলোতে সতর্কতামূলক পদক্ষেপ না করলে, সামনের এক মাসে দেশে উল্লেখযোগ্য হারে বাড়বে কভিড আক্রান্তের সংখ্যা।

কমিটির আশঙ্কা, কেবল এক মাসে নতুন কভিড পজিটিভ কেস ২৬ লাখ পর্যন্ত বাড়তে পারে।