স্বামীর সঙ্গে সিলেটের এমসি কলেজে বেড়াতে যাওয়া এক নববধূকে ছাত্রাবাসে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের ঘটনায় তদন্তে আদালতের গঠন করে দেওয়া কমিটির প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চে প্রতিবেদনটি ওঠে।
পরে ১৭৬ পৃষ্ঠার প্রতিবেদনটির বিষয়ে আগামী ১ নভেম্বর পরবর্তী শুনানির দিন রাখা হয়েছে।
এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী এবং এ ঘটনায় প্রকাশিত খবর-প্রতিবেদন নজরে আনা আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দিন ভার্চুয়াল কোর্টে যুক্ত ছিলেন।
গত ২৭ সেপ্টেম্বর এমসি কলেজের এ ধর্ষণের ঘটনার প্রকাশিত খবর-প্রতিবেদন নজরে এনে মিসবাহ উদ্দিন প্রয়োজনীয় আদেশের আরজি জানান। পরে গত ২৯ সেপ্টেম্বর উচ্চ আদালত এ ঘটনা তদন্তে কমিটি গঠন করে দেয়।
গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে ওই তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা দায়ের করেন।