সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা জাতীয় দলের স্ট্রাইকার হার্নান বার্কোস, রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান তারকা দানিয়েল কলিন্দ্রেস বসুন্ধরা কিংসের হয়ে খেলে গেছেন ঢাকার মাঠে। সেই প্রেক্ষাপটে আতলেতিকো মাদ্রিদের ‘বি’ দলে খেলা কোনো খেলোয়াড়ের ঢাকার ক্লাবে যোগ দেওয়া হয়তো বড় ঘটনা নয়। তবে আরামবাগ ক্রীড়া সংঘ যখন এমন এক খেলোয়াড় দলে ভেড়াচ্ছে, তখন সেটা চমক জাগানিয়াই।
হ্যাঁ, আরামবাগ আসন্ন ফুটবল মৌসুমে দলে ভেড়াতে যাচ্ছে ঘানা জাতীয় দলের স্ট্রাইকার সাদিক এডামসকে। ৩০ বছর বয়সী এই ফুটবলার ২০০৮-০৯ সালে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ ‘বি’ দলের হয়ে খেলেছিলেন। এই সময় ২২ ম্যাচে ৯ গোল তার নামের পাশে।
ঘানা জাতীয় দলে অবশ্য নিজের জায়গা পাকা করতে পারেননি সাদিক। ২০১৭ সালে ২টি ম্যাচ খেলার সুযোগ পান। গোল করেন ১টি।
গত বছর ক্যাসিনো-কাণ্ডে এলোমেলো হয়ে পড়েছিল আরামবাগ। প্রিমিয়ার লিগের ক্লাবটি দল গড়তেই হিমশিম খাচ্ছিল। এবার সেই ক্লাবটিই ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে। সাদিকসহ ঘানার আরেকজন খেলোয়াড়ের সঙ্গে তাদের যোগাযোগ চলছে বলে ক্লাব সূত্রের খবর।
এশিয়ান কোটায় তারা আনতে চায় আফগানিস্তান জাতীয় দলের একজনকে। আর এরই মধ্যে ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্যকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্লাবটি।