নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। এ সময়ের মধ্য কোনও ব্যবস্থা না নিলে ঢাকা মহানগরের সব জায়গায় অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মান্না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ আল্টিমেটাম দেন তিনি।
মান্না বলেন, আমার ওপর যারা হামলা করেছে, তাদের ভিডিও আমার কাছে আছে। তৈমুর আলম খন্দকার হামলাকারীদের নামে জিডি করেছে। সাত দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা না নেয়া হয়, সাত দিন বা ১৫ দিন পরে ঢাকা মহানগরের সব জায়গায় অবরোধ করব। এইরকম মনে করবেন না যে, এক মাঘে শীত যাবে।
তিনি আরও বলেন, জাফরুল্লাহ চৌধুরী, জোনায়েদ সাকি, নুরুল হক নুর সবাই কথা বলছে, কারুর কণ্ঠরোধ করতে পারেননি। আর কণ্ঠরোধ করতেও পারবেন না। আজ আমরা তিনজন, চারজন কথা বলছি। সাত দিন পরে সারা বাংলাদেশের মানুষ একসঙ্গে কথা বলব। ওই কণ্ঠ এত জোরে শোনা যাবে যে, গণভবনের দেয়াল ভেঙে পড়ে যাবে।
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।