ডিআর কঙ্গোর পশ্চিমাঞ্চলে এক কারাগারে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী। এক হাজার তিনশ'রও বেশি বন্দীকে মুক্ত করে দিয়েছে তারা।
আলজাজিরা জানায়, মঙ্গলবার দেশটির উত্তর-পূর্ব শহর বেনির কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।
শহরের মেয়র মোডেসে বাকওয়ানামাহা এ হামলার জন্য ইসলামি গোষ্ঠীকে দায়ী করেছেন।
তিনি বলেন, ‘এদিন সকালে কারাগার এবং সেনা ক্যাম্পে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। এক হাজার ৪৫৬ জন বন্দীর মধ্যে ১১০ জন ছাড়া বাকিরা পালিয়েছে।’
বার্তা সংস্থা রয়টার্সকে মেয়র মোডেসে বলেন, ‘হামলাকারীরা ছিল সংখ্যায় বড়। ইলেক্ট্রিক যন্ত্র দিয়ে তারা কারাগারের দরজা ভেঙে ফেলে। এডিএফ এ ঘটনা ঘটিয়েছে বলে আমাদের ধারণা।’
১৯৯০ দশক থেকে পূর্ব কঙ্গোতে সক্রিয় উগান্ডাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)। জাতিসংঘের সূত্র মতে, ২০১৯ সাল থেখে এক হাজারের বেশি বেসামরিক লোককে হত্যা করেছে গোষ্ঠীটি।