ইলিশ রক্ষায় মুন্সীগঞ্জে ৯৪ ট্রলার ডুবিয়ে দিল পুলিশ

মা ইলিশ সংরক্ষণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৯৪টি মাছ ধরার ট্রলার ডুবিয়ে দিয়েছে পুলিশ। গত সোমবার রাত ১০টা থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে স্থানীয় সিধারচর, কলিকালেরচর, বাবুরচরসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালান নৌপুলিশের সদস্যরা। অভিযানে আইন অমান্য করে ইলিশ শিকারের অপরাধে চার জেলেকে আটক ও ৬৭ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মাওয়া নৌপুলিশের ইনচার্জ সিরাজুল কবীর জানান, নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানের নেতৃত্বে পদ্মায় অভিযান চালানো হয়। এছাড়া বিমানবাহিনীর একটি হেলিকপ্টার আকাশপথে অভিযানে অংশ নেয়। এ সময় বিভিন্ন চর ও নদী থেকে ৯৪টি ট্রলার জব্দ ও ৬৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ট্রলারগুলো পানিতে ডুবিয়ে ও কারেন্ট জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মুন্সীগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সুনীল ম-ল বলেন, মা ইলিশ সংরক্ষণে প্রয়োজন হলে দুয়েক দিন পরপরই হেলিকপ্টারে করে আকাশপথে নদী মনিটরিং করা হবে।

এদিকে মা ইলিশ সংরক্ষণে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সাগর বা নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ করা হলেও দেশের বিভিন্ন স্থানে ইলিশ শিকারের খবর পাওয়া গেছে। এর মধ্যে নিষেধাজ্ঞা অমান্যের দায়ে ঢাকার দোহারে ১৮ জেলেকে কারাদন্ড-অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একই অপরাধে মানিকগঞ্জের পৃথক স্থানে ৭৫ জেলেকে কারাদন্ড-অর্থদন্ড ও পটুয়াখালীতে দুই জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :

ঢাকা : নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে দোহারে ১৮ জেলেকে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও বাকি তিনজনকে অর্থদন্ড দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র অভিযান চালিয়ে এ দন্ড দেন। এছাড়া একইদিন মৈনট ঘাটে প্রায় দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দের পর উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ লুৎফুন্নাহারের উপস্থিতিতে সেগুলো আগুনে পোড়ায় নৌপুলিশ। তাছাড়া উপজেলার নারিশা এলাকায় ইলিশ শিকারের অভিযোগে পাঁচ জেলের বিরুদ্ধে থানায় মামলা করে নৌপুলিশ।

মানিকগঞ্জ : শিবালয় ও দৌলতপুর উপজেলায় গতকাল দুপুরে পৃথক অভিযান চালিয়ে কারেন্ট জালে ইলিশ শিকারের দায়ে ৭৫ জেলেকে কারাদন্ড ও অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ছয় লাখ মিটার কারেন্ট জাল ধ্বংসসহ ৫০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।  অভিযানে জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

পটুয়াখালী : দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকারের দায়ে মো. আরিফুর রহমান (২৫) ও মো. নুরুজ্জামান (৩৭) নামে দুই জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান এ দন্ড দেন। এর আগে সন্ধ্যায় উপজেলার পাতাবুনিয়াসংলগ্ন নদীতে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে মৎস্য বিভাগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের ছাড় দেওয়া হবে না।