সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় বরখাস্ত এসআই আকবর হোসেন ভূইয়াকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল মঙ্গলবার এমন গুজব ছড়িয়ে পড়ে। কিছু টেলিভিশন চ্যানেল ও অনলাইন গ্রেপ্তারের সংবাদ প্রকাশ করলেও এর সত্যতা নিশ্চিত করেননি সংশ্লিষ্টরা। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারের বিষয়টি গুজব। রায়হানকে ধরতে অভিযান চলছে।
এদিকে গতকাল রায়হানকে নির্যাতন ও হত্যার অভিযোগে ওই ফাঁড়ির সাময়িক বরখাস্ত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেপ্তার দেখিয়েছে পিবিআই। এই প্রথম মামলায় কোনো পুলিশ সদস্যকে গ্রেপ্তার দেখানো হলো। এদিন দুপুরে টিটুকে পুলিশলাইনসে সংযুক্ত থাকা অবস্থায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয় বলে জানান পিবিআই সিলেটের এসপি খালেদুজ্জামান। পরে মামলার তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।