নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের চার মাসের মাথায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে স্বামী ও তার পরিবারের লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ করেন গৃহবধূর পরিবার।
মঙ্গলবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে।
নিহত চাঁদনী কুমিল্লার চান্দিনার মইছালের সামিমুল হক সোহেলের মেয়ে। তারা পূর্বগ্রামে ভাড়া বাসায় থাকতেন।
চাঁদনীর বাবা সামিমুল হক সোহেল বলেন, তার মেয়ের সঙ্গে পূর্বগ্রাম এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে অনিক মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ বিয়েতে তাদের সম্মতি ছিল না। কিন্তু চাঁদনী তার সিদ্ধান্তে অটল ছিল।
তিনি বলেন, ৪ মাস আগে প্রেমিক অনিকের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে। বিয়ের পর মাস তিনেক ধরে তাদের সংসার ভালো চলছিল। গত এক মাস ধরেই যৌতুকের জন্য চাপ দিতে থাকে স্বামী অনিক ও তার পরিবারের লোকজন। চাঁদনীকে প্রায়শ মারধর করত অনিক।
গত ২০ অক্টোবর যৌতুকের জন্য ফের চাপ প্রয়োগ করে স্বামী। টাকা দিতে অস্বীকৃতি করলে বেদম প্রহার করে। রাতে পুনরায় যৌতুকের জন্য মারধর করে শ্বাসরোধ করে হত্যা করে। পরে প্রচার করতে থাকে চাঁদনী আত্মহত্যা করেছে। শ্বশুরবাড়ির লোকজন হাসপাতাল ভর্তি করে সেখান থেকে পালিয়ে আসে।
বর্তমানে অনিক ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় চাঁদনীর বাবা সোহেল বাদী হয়ে ৭ জনের নামে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।