কাফরুলে আয়রন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরে একটি টেইলার্সের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি কাউসার (২০) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বিকেল ৪টায় মৃত ঘোষণা করেন।

নিহত রনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। ঢাকায় উত্তর কাফরুল ঝিলপাড় এলাকায় নানির বাসায় থাকত সে।

সহকর্মী মো. শামিম ওসমান জানান, মাত্র এক মাস আগে ইব্রাহিমপুর বাজারে রুমান টেইলার্সে কাজে যোগ দেয় রনি। আপাতত কাজ শিখছিল সে। দুপুরে টেইলার্সের দোকানে জামাকাপড় আয়রন করছিল রনি। তখন আয়রন থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এতে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করে তাকে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তে জন্য মর্গে রাখা হয়েছে।