শোকজের জবাব সন্তোষজনক না হলে ড. কামালকে বহিষ্কার: সুব্রত চৌধুরী

গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের জন্য গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে শোকজ করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাহী সভাপতি ও মুখপাত্র সুব্রত চৌধুরী। তিনি বলেন, শোকজের জবাব সন্তোষজনক না হলে, তাকে ফোরাম থেকে চূড়ান্ত বহিষ্কার করা হতে পারে।

বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সুব্রত চৌধুরী বলেন, আগামী সম্মেলনে যদি কামাল হোসেন আসেন, তবে তাকে সঙ্গে নিয়ে আমরা সামনে দিকে অগ্রসর হব। সিদ্ধান্ত ড. কামাল হোসেনের। তবে উনি (ড. কামাল হোসেন) যদি ড. রেজা কিবরিয়াসহ ওনার আশীর্বাদ তুষ্ট দুষ্ট চক্র নিয়ে গণতন্ত্রহীন এবং স্বেচ্ছাচারিতামূলক কর্মকাণ্ড চালিয়ে যান, তাহলে আমাদের সিদ্ধান্ত সম্মেলন এর আগেও হতে পারে।

তিনি আরও বলেন, গঠনতন্ত্র বিরোধী যত কর্মকাণ্ড হয়েছে তা ওনার (ড. কামাল হোসেন) সম্মতিক্রমেই হয়েছে। সুতরাং উনি সভাপতি হোক আর সদস্যই হোক, উনি যদি গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকেন, তার ব্যাপারে যা ব্যবস্থা নিতে হয় তা আমাদের গঠনতন্ত্রে আছে। কেন্দ্রীয় কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিক্রমে তাকে বহিষ্কার করা যায়। কামাল হোসেনের ব্যাপারেও এটার কোন ব্যত্যয় হবে না।

তিনি বলেন, আমরা বলেছিলাম ২৬ ডিসেম্বর, কিন্তু যেহেতু উনি এখনো ড. রেজা কিবরিয়ার সঙ্গে যোগসাজশে গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছেন, তাই সিদ্ধান্ত আগেও হতে পারে। আমরা দেখব আগামীকাল থেকে উনি কী ভূমিকা রাখেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গণফোরামের বিদ্রোহী অংশের মোস্তফা মহসিন মন্টু ও নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ প্রমুখ।