ভালো আছে করোনায় আক্রান্ত মাশরাফীর দুই সন্তান

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার মেয়ে হোমায়রা মোর্ত্তজা ও ছেলে সাহেল মোর্ত্তজা করোনায় আক্রান্ত হয়েছে। তবে তারা দুজনেই সুস্থ আছে।

মঙ্গলবার বিকেলে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে এক ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত হয়ে বিষয়টি নিশ্চিত করেন মাশরাফী।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে পর্যটন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনা,পর্যটনকে সমৃদ্ধকরণ এবং বাংলাদেশের পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে সহায়তাকরণের লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল এই কর্মশালায় রাজধানী ঢাকা থেকে যুক্ত হন মাশরাফী বিন মোর্ত্তজা। তবে তিনি খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য দেন এবং তার দুটি সন্তান করোনায় আক্রান্তের কথা জানান। এ সময় তিনি সকলের দোয়া কামনা করেন।

মাশরাফীর আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ৮-১০ দিন আগে হালকা জ্বরের উপসর্গ দেখা দেয় হুমায়রার। পরে পাঁচ দিন আগে সাহেলেরও জ্বর হলে করোনা টেস্ট করানো হয়। তখন দু’জনেরই পজিটিভ রিপোর্ট আসে। 

বর্তমানে হুমায়রা ও সাহেল শারীরিকভাবে সুস্থ এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছে। বর্তমানে তাদের জ্বর নেই। সুস্থ আছে হুমায়রা-সাহেল।

উল্লেখ্য ওই পরিবারে প্রথমেই মাশরাফী বিন মোর্ত্তজা করোনায় আক্রান্ত হন। এরপর স্ত্রী সুমনা হক সুমিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, মা হামিদা বেগম বলাকা, ছোট ভাই সিজার, সিজারের স্ত্রীসহ পরিবারের সবাই করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে সকলেই সুস্থ হয়ে ওঠেন।

এ ছাড়া এর আগে মাশরাফীর শাশুড়ি হোসনে আরা সিরাজ, স্ত্রী সুমির বড় বোন সঞ্চিতা হক রিক্তাসহ আত্মীয় স্বজনদের বেশ কয়েকজন করোনা যুদ্ধে জয়ী হন।