লঙ্কা প্রিমিয়ার লিগেও বলিউড তারকার দল

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোতে বলিউড তারকাদের রয়েছে সরব উপস্থিতি। আইপিএলে একাধিক তারকা ফ্র্যাঞ্চাইজির মালিকানার সঙ্গে যুক্ত। শাহরুখ খানের যেমন আইপিএলের সঙ্গে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও দল রয়েছে।

এবার আরো একটি ঘরোয়া টি-টোয়েন্টি দলের মালিকানা চলে গেল বলিউড তারকার হাতে। লঙ্কা প্রিমিয়ার লিগে দল কিনেছেন বলিউড তারকা সোহেল খান। সালমান খানের ভাই বিনিয়োগ করেছেন ক্যান্ডি ফ্র্যাঞ্চাইজিতে।

খান পরিবারের ক্রিকেট দলের হয়ে মাঠে নামবেন কিংবদন্তি ক্রিস গেইল। গত সোমবারই গেইলকে আসন্ন আসরের জন্য দলে নিয়েছে ক্যান্ডি।

ফ্র্যাঞ্চাইজি কেনার পর সোহেল খান বলেন, ‘লঙ্কা প্রিমিয়ার লিগের বিস্তর সম্ভাবনা রয়েছে। আমরা এই উদ্যোগে শামিল হতে পেরে অত্যন্ত আনন্দিত। ক্রিকেট নিয়ে শ্রীলঙ্কার দর্শকদের উন্মাদনার কথা সবার জানা। আমি নিশ্চিত, দল তাদের বিপুল সমর্থন আদায় করে নেবে।’

আইপিএল শেষ হওয়ার পর পরই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ। ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। গেইল ছাড়াও ক্যান্ডি ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন কুশল পেরেরা, কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ, লিয়াম প্লাঙ্কেটরা।

উল্লেখ্য, বলিউড তারকাদের মধ্যে শাহরুখ খান ও জুহি চাওলা জড়িয়ে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। কিংস ইলেভেন পাঞ্জাবের মালিকানা রয়েছে প্রীতি জিনতার হাতে। এ ছাড়া শিল্পা শেঠিকেও রাজস্থান রয়্যালস দলের সঙ্গে দেখা গেছে ইতিপূর্বে।

শাহরুখ শুধু আইপিএলেই নয়, দল কিনেছেন ক্যারিবিয়ান প্রিমিয়র লিগেও। সিপিএল ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সের অন্যতম মালিক হলেন শাহরুখ খান।