৭ দিন ধরে ক্যামেলিয়া হাসপাতালে ২ ঘণ্টা কর্মবিরতি

৮ দফা দাবি আদায়ে গত ৭ দিন ধরে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা-বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের নার্স, ওয়ার্ডবয়সহ বিভিন্ন পদে নিয়োজিত কর্মচারীরা দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছেন। গত বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালে আগত ও ভর্তি রোগীদের সেবা অব্যাহত  রেখেই এই কর্মবিরতি পালন করা হচ্ছে।

গতকাল বুধবার সকালে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে গেলে দেখা যায়, এ হাসপাতালের নার্স, ওয়ার্ডবয়, ওয়ার্ডগার্লসসহ বিভিন্ন পদের চতুর্থ শ্রেণির কর্মচারীরা হাসপাতালের প্রবেশপথে ব্যানার নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

মানববন্ধনে আন্দোলনকারীরা বলেন, তারা নিয়মিত দিনরাত এ হাসপাতালে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।  কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের থেকে ন্যায্য সুযোগ-সুবিধা বঞ্চিত রয়েছেন।  এ সম্পর্কে বক্তব্য জানার চেষ্টা করা হলেও ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন প্রশাসক ও দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি।