মেডিকেল টেকনোলজিস্টদের ৬ দফা দাবি

বাস্তবায়নের আশ্বাস স্বাস্থ্যের ডিজির

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ৬ দফা দাবি দ্রুততম সময়ে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশিদ আলম। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অফিসকক্ষে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। এর আগে গত ১২ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ৬ দফা দাবি বাস্তবায়নে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সেটি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, পরিচালক (প্রশাসন) ডা. শেখ মো. হাসান ইমাম এবং বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) আলমাছ আলী খান ও মেডিকেল টেকনোলজিস্ট সেলিম মোল্লা উপস্থিত ছিলেন।

মেডিকেল টেকনোলজিস্টদের দাবিগুলো হলো বয়সোত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্টদের বয়স প্রমার্জনা সাপেক্ষে ২০ হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্টকে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে অ্যাডহক ভিত্তিতে অবিলম্বে নিয়োগ প্রদান ও মেডিকেল টেকনোলজিস্টদের নতুন পদ সৃষ্টি। করোনা আক্রান্ত রোগীদের সেবায় প্রায় ২ হাজার মেডিকেল টেকনোলজিস্টকে জরুরি ভিত্তিতে আপৎকালীন নিয়োগের ব্যবস্থা গ্রহণ। চাকরির শুরুতে মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেডে উন্নীতকরণ। ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চালুকরণ।