নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন

আসামি ইস্রাফিলের আদালতে আত্মসমর্পণ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে চাঞ্চল্যকর গৃহবধূ নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার ৪ নম্বর আসামি ইস্রাফিল হোসেন মিয়া (২২) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছে। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। গতকাল বুধবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে ইস্রাফিল।

পিবিআই ইন্সপেক্টর মামুনুর রশিদ পাটোয়ারী জানান, ঘটনার পর থেকে পলাতক থাকা ইস্রাফিল গতকাল দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২ নম্বর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানায়। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। গ্রেপ্তার ইস্রাফিলের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। পরবর্তী তারিখে রিমান্ড আবেদনের শুনানি হবে।