কক্সবাজারের রামুতে রাতের অন্ধকারে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার কাউয়াখোপ ইউনিয়নের উখিয়ারঘোনার ঝর্ণাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উখিয়ারঘোনা স্কুলপাড়ার মৃত হোসাইনের ছেলে আলী আহম্মদ (৩০) ও লট উখিয়ারঘোনা গ্রামের মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের অন্ধকারে পাহাড় কেটে মাটি নিয়ে পার্শ্ববর্তী ভুতপাড়ার শামসুল আলম নামে এক ব্যক্তির জায়গা ভরাট করা হচ্ছিল। এ কাজে কয়েকজন শ্রমিক রাতে মাটি কাটছিলেন। এ সময় পাহাড়ের একটি অংশ ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু ও একজন আহত হন। আহত শ্রমিকের নাম মো. রফিক।
রামু থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, গুরুতর আহত শ্রমিক রফিকের সঙ্গে কথা বলে মনে হচ্ছে পিকআপ ভ্যান ও মাটিচাপা পড়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত শ্রমিককে কক্সবাজার সদর হাসপাতালে এবং নিহতদের ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।