অস্ট্রেলিয়ায় বয়স্ক সেবা কেন্দ্রে সপ্তাহে ৫০ যৌন নিপীড়ন

অস্ট্রেলিয়ায় বৃদ্ধাশ্রম ও বয়স্ক সেবা কেন্দ্রগুলোতে প্রতি সপ্তাহে ৫০টির মতো যৌন নিপীড়নের ঘটনা ঘটে বলে জাতীয় পর্যায়ে একটি তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। বিষয়টাতে ‘জাতীয় লজ্জা’ হিসেবে দেখা হচ্ছে।

২০১৮ সাল থেকে বৃদ্ধাশ্রমে সেবার মান ও নিরাপত্তা খতিয়ে দেখে আসছিল অস্ট্রেলিয়ার রয়্যাল কমিশন। তাদের দতন্ত প্রতিবেদনে বয়স্কদের ওপর যৌন নিপীড়ন ও দুর্ব্যবহারের ভয়াবহ চিত্র উঠে এসেছে।

বৃহস্পতিবার রয়্যাল কমিশনের প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীরা ২০১৮-১৯ সময়ে বয়স্কদের নার্সিং হোমগুলোতে প্রায় ২ হাজার ৫২০টি যৌন হয়রানির ঘটনার প্রমাণ পেয়েছে।

কমিশনের মাননিয়ন্ত্রক উপদেষ্টা পেটার রোজেন কিউসি তদন্ত প্রতিবেদনে বলেন, “এটা জাতীয় লজ্জা। পরিসংখ্যানটা খুবই অস্বস্তিকর। কিছুতে নজরদারির অভাব আছে অস্ট্রেলিয়ান সরকার যদি এমন কোনো বাজে প্রতিবেদন পেয়ে থাকে এটা হবে সেই প্রতিবেদন।”

চলতি বছর অস্ট্রেলিয়ায় বয়স্ক সেবা কেন্দ্রগুলোর পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। করোনা মহামারিতে দেশটিতে মৃত্যু হওয়া ৯০৩ জনের মধ্যে ৭৫ শতাংশই বয়স্ক সেবা কেন্দ্রের।

রোজেন বলেছেন, তদন্ত প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, ‘বেআইনি যৌনাচার’ দীর্ঘ সময়ের একটি সমস্যা। ধারণা করা হচ্ছে, বয়স্ক সেবা কেন্দ্রের বাসিন্দাদের ১৩-১৮ শতাংশই এসবের শিকার হয়।

তদন্তকারীরা জানিয়েছেন বয়স্ক সেবা কেন্দ্রে বছরে ৩২ হাজারের বেশি শারীরিক, যৌন ও আবেগগত হয়রানির ঘটনা ঘটে। এসব ঘটনায় সেবাদানকারীদের পাশাপাশি অন্যান্য বাসিন্দারা এতে জড়িত।