কারাবাখ যুদ্ধে ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে: পুতিন

বিতর্কিত ভূখণ্ড নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান মধ্যকার তিন সপ্তাহ ধরে চলমান যুদ্ধে প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

এ ব্যাপারে বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, “আমাদের তথ্য-উপাত্ত অনুযায়ী, উভয় পক্ষে প্রায় ২ হাজার করে মানুষের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা এরই মধ্যে প্রায় ৫০০০ দাঁড়িয়েছে।”

নাগার্নো-কারাবাখ আজারবাইজানের মধ্যে অবস্থিত হলেও আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে। আর আর্মেনিয়া তাদেরকে সমর্থন দিচ্ছে। ১৯৯০ দশকে যুদ্ধের মধ্য দিয়ে আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হলেও অঞ্চলটিকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি কোনো দেশ।

গত মাসের শেষের দিকে কারাবাখে আর্মেনিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুদ্ধে জড়ায় আজারবাইজান বাহিনী। যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ালেও সরকারিতে তথ্যে বলা হয়, প্রাণহানির সংখ্যা এখনো হাজারের নিচে।

রাশিয়ার মধ্যস্থতায় এরই মধ্যে উভয় পক্ষ দুইবার যুদ্ধ বিরতিতে সম্মত হলেও তা মানা হচ্ছে না। একে-অপরের প্রতি হামলা অব্যাহত রেখেছে তারা। আর যুদ্ধ বিরতি লঙ্ঘনের জন্য একে-অপরকে দোষারূপ করছে দেশ দুটি।

যুদ্ধের মধ্যে শুক্রবার ওয়াশিংটনে আলাদাভাবে আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

যুদ্ধের মধ্যেও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ান ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে বলে জানিয়েছেন পুতিন, “আমি একদিনে তাদের সঙ্গে কয়েকবার কথা বলি।”