চুলের জন্য বাদ পড়লেন বাপ্পী, দিঘীর নায়ক সাইমন

গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন বাপ্পী চৌধুরী ও দিঘীকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন। কিন্তু এক সপ্তাহ না যেতেই শিল্পী তালিকায় পরিবর্তন এলো। বাপ্পির বদলে দিঘীর নায়ক হিসেবে হাজির হচ্ছেন সাইমন সাদিক।

গত ১৭ অক্টোবর ‘তুমি আছো তুমি নেই’ শিরোনামের এই ছবিতে দিঘীর বিপরীতে বাপ্পী চুক্তিবদ্ধ হন। হঠাৎ শিল্পী পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে পরিচালক ঝন্টু দেশ রূপান্তরকে বলেন, ‘আমার সিনেমায় নায়কের বড় চুল লাগবে। বাপ্পির সঙ্গে যখন চুক্তি করেছিলাম তখন ভেবেছিলাম তাকে উইগ পরিয়ে শুটিং করব, কিন্তু বাপ্পি বলল, সে উইগ পরবে না। উইগ না পরলে তার চুল বড় করতে মিনিমাম দুই মাস সময় দিতে হবে। আমার হাতে অত সময় নেই। পরে বাপ্পি নিজে থেকে সিনেমা থেকে সরে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাপ্পি তার সাইনিং মানিও ফিরিয়ে দিয়েছেন। তারপর বাপ্পির জায়গায় সাইমনকে চূড়ান্ত করেছি।’

পরিচালক আরও জানালেন দিঘী ও সাইমনকে নিয়ে ১৫ নভেম্বর থেকে ‘তুমি আছো, তুমি নেই’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

এদিকে নতুন সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে দেশ রূপান্তরকে সাইমন বলেন, ‘দেলোয়ার জাহান ঝন্টু গুণী নির্মাতা। ওনার সঙ্গে কাজ করা আমার জন্য সত্যিই আনন্দের একটি বিষয়। অনেক কিছু শেখার আছে। গল্পটাও অনেক সুন্দর। সব মিলিয়ে কাজটা ভালো হবে বলেই মনে করছি।’