অনলাইনে শুরু হয়েছে ‘ভিন্ন রূপে পুরুষ’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। গতকাল শুক্রবার সকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া এই প্রদর্শনীর উদ্বোধন এবং বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করেন। প্রদর্শনীর আয়োজন করেছে অ্যাকশনএইড বাংলাদেশ।
আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে। www.diom2020.com/exhibition ঠিকানায় গিয়ে বিনামূল্যে এই প্রদর্শনী উপভোগ করা যাবে। আয়োজনটির কমিউনিকেশন পার্টনার হিসেবে কাজ করছে বাঙলা কমিউনিকেশনস লিমিটেড।
আয়োজকরা জানান, গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় অনলাইনে আলোকচিত্র ও চিত্রগল্প জমা নেওয়া হয়। শতাধিক রেজিস্ট্রেশনের মধ্য থেকে বাছাই করে ১২টি চিত্রগল্প নির্বাচন করা হয়। এর মধ্যে ১ জন বিজয়ী ও ২ জন রানার্সআপ নির্বাচন করা হয়। বাকি ৯ জনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। এর বাইরেও ১৬টি আলোকচিত্রকে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মো. মাসুদুর রহমান।
অনলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেন, ‘সংসারের আয়-উন্নতির জন্য গৃহস্থালির কাজ শুধু মহিলাদের ওপর ছেড়ে দিলেই হবে না, এসব কাজে পুরুষদেরও অংশগ্রহণ করা উচিত এবং ইদানীং তারা সেটা করছে। সমাজের উন্নয়নের জন্য এটা একটা ভালো দিক। প্রদর্শনীর মাধ্যমে দেশের মানুষ উদ্বুদ্ধ হবে এবং নারী-পুরুষ সকলে মিলে গৃহস্থালির কাজে অংশগ্রহণ করে এই ধারণাকে কার্যকর করে তুলবে।