হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় আট কেজি ওজনের ৬৮টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গতকাল শুক্রবার আবুধাবি থেকে আসা বিজি-০২৮ বিমানের যাত্রী আসনের নিচ থেকে এসব সোনার বার জব্দ করা হয়। শুল্ক কর্মকর্তারা জানান, জব্দ সোনার বারের বাজারমূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ টাকা।
গতকাল অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চোরাচালানের গোপন খবর আসার পর তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ সোনার বার জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে খবর আসে, মধ্যপ্রাচ্যের আবুধাবি থেকে সোনার চালান আসছে।
এ তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা নজরদারি বাড়িয়ে সকাল সোয়া ১০টার দিকে আবুধাবি থেকে আসা (বিজি-০২৮) বিমানে তল্লাশি চালিয়ে যাত্রীদের বসার আসনের নিচে লুকিয়ে রাখা প্রায় আট কেজি ওজনের ৬৮টি সোনার বার জব্দ করেন।