দুরন্ত টেলিভিশন: তিন রাত সাড়ে ৯টায় দুর্গাপূজার অনুষ্ঠান

বাঙালি হিন্দুরা পালন করছেন তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে সংবাদমাধ্যম, টিভি-রেডিও চ্যানেলগুলো রেখেছে বিশেষ আয়োজন। শিশুতোষ চ্যানেল দুরন্ত টেলিভিশনেও থাকছে বিশেষ বিশেষ অনুষ্ঠান, যা প্রচার হচ্ছে শনিবার থেকে তিন দিন রাতে সাড়ে ৯টায়।

চ্যানেলটির নিয়মিত আয়োজন ‘রঙের খেলায় সুরের ভেলায়’। এর বিশেষ পর্বের শিরোনাম ‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’। দুর্গাপূজা উপলক্ষে এই পর্বে শিশুদের সঙ্গে গান গাইবেন তিন খালামনি দেবলীনা সুর, চম্পা বণিক ও আবিদা সুলতানা। ঢাক-ঢোল ও ধূপের সঙ্গে পূজার গান গেয়ে আনন্দে মেতে উঠবে সবাই।

‘রঙের খেলার সুরের ভেলায় পূজার মেলায়’ পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। বিশেষ পর্বটি প্রচার হবে শনিবার রাত সাড়ে ৯টায়।

বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’ পরিচালনা করছেন তোফায়েল সরকার। এ আয়োজনে নৃত্য পরিবেশন করবেন নৃত্য সংগঠন কল্পতরুর নৃত্যশিল্পী রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, নোহলী ইসলাস শ্রেয়া, সুমাইয়া আক্তার শোভা, আমিরা মাহমুদ, আনুদিয়া আনুভ, আবেয়া আকন্দ, মধুরিমা রয়সহ আরও অনেকে।

অনুষ্ঠানটি প্রচার হবে রবিবার রাত সাড়ে ৯টায়।

বিজয়া দশমীতে প্রচারিত হবে ‘শুভ বিজয়া’। এই অনুষ্ঠানে গল্পের মতো করে তুলে ধরা হবে হিন্দু ধর্মের ইতিহাস। উপস্থাপনা করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে অংশ নিয়েছে শিশুশিল্পী বর্ণমালা, কথা ও সমৃদ্ধ। এ ছাড়া বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে দেখানো হবে দুর্গাপূজার উৎসব।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। সোমবার রাত সাড়ে ৯টায়।