রজার ফেদেরার ও রাফায়েল নাদালের সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শে সবচেয়ে কাছে রয়েছেন আরেক শীর্ষ তারকা নোভাক জকোভিচ। আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে সেই লক্ষ্যের কিছুটা কাছাকাছি যেতে পারেন বিশ্বের এক নম্বর তারকা।
সেটা সম্ভবও। কারণ, অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচ আসরটির সর্বোচ্চ শিরোপাধারীও। বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে অংশ নেবার ঘোষণাও ইতোমধ্যেই দিয়েছেন জকোভিচ। যদিও ৩৩ বছর বয়সী এখনো নিশ্চিত নন কবে নাগাদ তিনি মেলবোর্নে পৌঁছাতে পারেন।
কভিড-১৯ এর কারণে অস্ট্রেলিয়া সরকারের নির্দেশমতে ১৪ দিনের কোয়ারেন্টাইন আইন মানা বাধ্যতামূলক। এ সম্পর্কে জকোভিচ বলেছেন, ‘আশা করছি ঐ সময় পর্যন্ত পরিস্থিতি কিছুটা হলেও ভাল হবে। আর সে কারণে তারা কোয়ারেন্টাইনের সময় কমিয়ে আনবে। কিন্তু শেষ পর্যন্ত তা না হলে আমি নিশ্চিত বেশিরভাগ টেনিস খেলোয়াড়ই একটু আগে ভাগেই অস্ট্রেলিয়া সফরে যাবে।’
গত ৩ ফেব্রুয়ারি থেকে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রেখেছেন জকোভিচ। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাদালের তুলনায় তার রেটিং পয়েন্ট প্রায় ২০০০ বেশি। চলতি মাসে রোলা গ্যাঁরোর ফাইনালে জকোভিচকে ৬-০, ৬-২, ৭-৫ গেমের সরাসরি সেটে হারিয়ে ফেদেরারের সমান রেকর্ড ২০তম স্ল্যাম জয়ের কৃতিত্ব দেখিয়েছেন নাদাল। জকোভিচের ঝুলিতে রয়েছে ১৭টি শিরোপা।