চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল (বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর) প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আবু হাসান সিদ্দিক। অনুষ্ঠানে মোট ১৩২ জনের মাঝে ২২ কোটি ৫১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেজা‘র (বাংলাদেশ ইকোনোমিক জোন অথোরিটি) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মিরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. কায়সার খসরু, মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিগ্রহণকৃত ভূমির মালিকেরা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পবন চৌধুরী বলেন, ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্ত মালিকেরা যাতে কোন দালাল বা প্রতারকের দ্বারা প্রতারিত না হন সে জন্য এবং সরকারের সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করণের অংশ হিসেবে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তিনি ভূমি অধিগ্রহণের বিষয়ে বলেন, আপনাদের ত্যাগ বাংলাদেশ সরকার মনে রাখবে। আপনাদের জমির ওপরই বাংলাদেশের বৃহত্তম ইকোনমিক জোন গড়ে উঠবে। মিরসরাই, সোনাগাজী ও সীতাকুণ্ড উপজেলার মোট ৭৫ হাজার একর জমিতে গড়ে উঠবে বিশ্বের অন্যতম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর। এখানে শিল্পাঞ্চলের সঙ্গে সঙ্গে নৌবন্দর, বিমান বন্দর, স্কুল, কলেজ, কারিগরি মহাবিদ্যালয় গড়ে উঠবে।
ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. কায়সার খসরু জানান, ইতিপূর্বে দুই দফায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রায় সাড়ে ১১ কোটি টাকার চেক মাঠ পর্যায়ে বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, আরও প্রায় উনিশ শত ব্যক্তির নামে রোয়েদাদ প্রস্তুত করা হয়েছে, যার পরিমাণ প্রায় চার শত ছিয়াত্তর কোটি তেষট্টি লাখ টাকা।