কিংসের পারফরম্যান্সে কষ্ট পাচ্ছেন ধোনি

যেখানে শেষ চার ম্যাচেই জয় প্রয়োজন, সেখানে আবার হেরেছে চেন্নাই সুপার কিংস। গত ১৯ সেপ্টেম্বর এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে যাদের হারিয়ে শুরু করেছিল তারা, সেই মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ১১৪ রান করে ১০ উইকেটে হেরে গেছে তারা শুক্রবার। ১১ ম্যাচে সপ্তম পরাজয়ে প্লে-অফ খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে ৮ বার ফাইনাল খেলা চেন্নাইয়ের।

গতকাল দিল্লি ক্যাপিটালসকে ৫৯ রানে হারিয়ে দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (১৯৪/৬) প্লে-অফের সম্ভাবনা আরও বাড়িয়েছে। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। ১৪ পয়েন্ট নিয়ে তাদের আগে মুম্বাই, দিল্লি ও বেঙ্গালুরু।

পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ চারে জায়গা পাওয়াটা যে অসম্ভব তা মেনে নিয়েছেন দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বললেন, এবারের আসরে দলের পারফরম্যান্সে কষ্ট পাচ্ছেন তিনি। ‘আমাদের প্রয়োজন কোথায় ত্রুটি হচ্ছে তা খতিয়ে দেখা। ৮ উইকেট হোক বা ১০ উইকেটে হার, এগুলো আর বিশেষ কিছু তারতম্য আনে না। আমাদের স্বীকার করতেই হবে, এই বছরটা আমাদের ছিল না। টুর্নামেন্টের এই পর্যায়ে এটা সত্যি কষ্ট দেয়।’ চলতি টুর্নামেন্টে ভাগ্যের সাহায্যও পায়নি চেন্নাই। সঙ্গে ছিল খেলোয়াড়দের ইনজুরি সমস্যা। ‘বোলিং নিয়ে সমস্যা ছিল। আম্বাতি রাইডু চোট পেয়ে গেল। বাকিরাও নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছে। কঠিন সময়ে একটু ভাগ্যের প্রয়োজন হয়। যে ম্যাচে আমরা শুরুতে ব্যাট করতে চেয়েছিলাম, সেখানে টস হেরেছি। যখন পরে ব্যাট করেছি উইকেট স্লো পেয়েছি।’ আজ বেঙ্গালুরুর সঙ্গে দ্বাদশ ম্যাচ চেন্নাইয়ের। এরপর কলকাতা ও পাঞ্জাবের সঙ্গে ম্যাচ বাকি থাকবে তাদের। ইন্টারনেট।