সরকারি প্রাথমিক বিদ্যালয়

টাইম স্কেলের দাবিতে আন্দোলনে যাচ্ছেন শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রাপ্য টাইম স্কেল প্রদান, সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণ এবং নিয়োগবিধি সংশোধন, সহকারী শিক্ষক নিয়োগসহ ১০ দফা দাবিতে আন্দোলনে যাচ্ছেন শিক্ষকরা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘সাগর-রুনি’ মিলনায়তনে সংগঠনের সভাপতি ওয়েছ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমিতির মহাসম্পাদক মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন  নির্বাহী সভাপতি মো. জাহিদুর রহমান বিশ্বাস, সমিতির সিনিয়র সহসভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পদোন্নতি প্রাপ্ত প্রধান শিক্ষকদের টাইম স্কেল প্রদানসহ অন্যান্য প্রধান শিক্ষকের ২০১৪ সালের ৯ মার্চ থেকে ২০১৫ সালের ১৫ ডিসেম্বর সময়ের মধ্যে প্রাপ্য টাইম স্কেল প্রদান করতে হবে। বর্তমানে প্রধান শিক্ষকদের যোগ্যতা ও দায়িত্বের কথা বিবেচনা করে ৮ম গ্রেডে উন্নীত করতে হবে। সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টিসহ ৯ম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ করতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতার পরিপ্রেক্ষিতে সংগত কারণেই সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করতে হবে। চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দ্রুত পদোন্নতির ব্যবস্থা করতে হবে।