তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। শনিবার রাতে নমুনা পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ এসেছে। তবে তথ্যমন্ত্রী এখনো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।
তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) মীর আকরাম উদ্দীন আহম্মদ এ তথ্য জানিয়েছেন। এর আগে ১৬ অক্টোবর তথ্যমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হন।
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১১ হাজার ১০৩ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৩০৮ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রোববার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৮০৩ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৮১৫ জন। এর মধ্যে ১ হাজার ৫৪৪ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ১৫ হাজার ১০৭ জন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।