পূজায় পুরোহিত, ঢাকি, রাজনৈতিক নেতাদের মাশরাফীর উপহার

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় জাতীয় ক্রিকেট তারকা, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা তার নির্বাচনী এলাকার পুরোহিত, ঢাকি, সনাতন ধর্মাবলম্বীর বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য উপহার দিয়েছেন।

মাশরাফী বিন মোর্ত্তজার দুই শিশু সন্তান হুমায়রা ও সাহেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার বাসায় চিকিৎসাধীন রয়েছে। মাশরাফীও তাই ঢাকায় অবস্থান করছেন।

মাশরাফীর পক্ষে  লোহাগড়া উপজেলার উপহার সামগ্রী বিতরণ করেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এ ছাড়া  নড়াইল সদর এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ  উপহার সামগ্রী বিতরণ করেছেন।

উপহার সামগ্রী বিতরণকালে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে মাশরাফী বিন মোর্ত্তজা তার সন্তানদের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এদিকে সৌজন্য উপহার পেয়ে খুশি পুরোহিত, ঢাকিসহ সকলেই।  নড়াইল টাউন কালিবাড়ি মন্দিরের পুরোহিত মানিক ভট্টাচার্য বলেন, ‘আমরা শুনেছি এমপি মহোদয়ের আদরের দুটি সন্তানই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মাঝেও আমাদের মানবিক সাংসদ মাশরাফী আমাদের কথা ভুলে যাননি। একজন সংসদ সদস্য পূজার সময় পুরোহিতদের সম্মানে উপহার পাঠান, জীবনে এটা এই প্রথম দেখলাম। আমরা  পুরোহিতরা ভীষণ খুশি।  পুরোহিতদের পক্ষ থেকে মানবিক এমপিকে ধন্যবাদ জানাই।’

নড়াইল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত সাহা রাজা মাশরাফী বিন মোর্ত্তজাকে অসাম্প্রদায়িক ও সুন্দর মনের মানুষ আখ্যা দিয়ে  আন্তরিক কৃতজ্ঞতা জানান।

নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডু বলেন, ‘দেশের একজন বড় তারকা আমাদের মাননীয় সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি  নড়াইলের উন্নয়ন আর ক্রিকেট নিয়ে সারাদিন ব্যস্ত থাকার মাঝেও নির্বাচনী এলাকার ছোট-বড় সবার খবর রাখেন। শারদীয় উৎসবে মাননীয় সংসদ সদস্যের দেয়া উপহার আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’

নড়াইল সদর পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু এই উপহারকে অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতির উপহার আখ্যা দিয়ে এমপি মাশরাফীকে ধন্যবাদ জানান।

নডাইল-২ আসনে (নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া উপজেলা) সর্বমোট ৩০২টি মণ্ডপে মন্দিরে শারদীয় দুর্গা পূজা উদ্‌যাপিত হচ্ছে। এর মধ্যে লোহাগড়া উপজেলায় ১৫৩টি ও  নড়াইল সদর উপজেলায় ১৪৯ টি।