বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে আগুন ঝরালেন ২০ বছর বয়সী পেসার সুমন খান। মাহমুদউল্লাহ একাদশের এই পেসার শিকার করলেন ৫ উইকেট। তার দারুণ বোলিংয়ে টস হেরে আগে ব্যাট করতে নামা নাজমুল একাদশ গুটিয়ে গেছে অল্পতেই।
রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪৭.১ ওভারে ১৭৩ রানেই থেমেছে নাজমুল একাদশের ইনিংস। সুমনের বোলিং স্পেল ১০-০-৩৮-৫।
লিগ পর্বে চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ খেলেছিলেন সুমন। তামিম একাদশের বিপক্ষে ৩ উইকেট ও পরে নাজমুল একাদশের বিপক্ষে পান ১ উইকেট। ঘরোয়া ক্রিকেটে এমনিতে কার্যকরী বোলার হিসেবে পরিচিত সুমন। কিন্তু এদিন ফাইনালে মঞ্চে এভাবে আলো কাড়বেন, এমনটা ভেবেছিলেন খুব কম জনই। বরং নজর ছিল রুবেল হোসেনের দিকে।
টুর্নামেন্ট জুড়ে দারুণ বল করা রুবেল ইনিংসের প্রথম ওভারেই সাইফ হাসানকে বোল্ট করেন। তবে পরে সুমনের কাছে ম্লান তিনি। ২ উইকেট পেয়েছেন জাতীয় দলের এই পেসার। আরেক পেসার ইবাদত হোসেন ১টি, দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ পেয়েছেন ১টি করে উইকেট।
সুমন এদিন ১২ রান করা মুশফিককে নিজের প্রথম শিকার বানান। এরপর ফেরান সৌম্য সরকার (৫) ও আফিফ হোসেনকে (০)। নাঈম হাসানের (৭) পর নাসুম আহমেদকে (৩) ফিরিয়ে ৫ উইকেট পূরণ করেন গেল বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সে খেলা পেসার।
ফাইনালের মঞ্চে সুমনের বোলিংয়ে মাহমুদউল্লাহর দল পেয়েছে দারুণ ভিত। এখন ব্যাটসম্যানরা দায়িত্বটুকু সামলাতে পারলেই হয়। লিগ পর্বে দুই দলের দুইবারের মুখোমুখি দেখায় দুটিতেই জিতেছিল নাজমুল একাদশ।