পর্যটনের জন্য দেশে ৮ শতাধিক নতুন স্থান চিহ্নিত

পর্যটন কর্পোরেশন দেশে নতুন আট শ’র বেশি পর্যটন স্থান চিহ্নিত করেছে। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানায় মন্ত্রণালয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পর্যটন করপোরেশন জানায়, তারা আট শতাধিক স্থান চিহ্নিত করেছে।

সংসদীয় কমিটি আরো জানায়, কীভাবে এসব এলাকাগুলোকে পর্যটন এলাকা হিসেবে তালিকভুক্ত করা যায়, তা দেখতে হবে। এসব স্থানকে কীভাবে পর্যটনের জন্য আকর্ষণীয় করা যায়, এ জন্য কী কী উদ্যোগ নেয়া প্রয়োজন তা নিতে হবে। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জানানো হয় গত ৩১ মে বিমানের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালন, সামাজিক দূরত্ব বজায় ও দাপ্তরিক চাহিদা বিবেচনায় ন্যূনতম কর্মীর মাধ্যমে বিমানের অপারেশনাল কাজ সীমিত আকারে চালু করা হয়। এখন ফ্লাইট সংখ্যা ক্রমে বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে অধিক জনবলের প্রয়োজন হচ্ছে। সে ক্ষেত্রেও কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন, শারীরিক দূরত্ব রক্ষা করে দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, আশেক উল্লাহ, আনোয়ার হোসেন খান এবং সৈয়দা রুবিনা আক্তার অংশ নেন।