দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে দুদেশের দর্শনার্থীদের ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দিনাজপুরের হিলি সীমান্তের দুপাশে ভারত ও বাংলাদেশের দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ করা গেছে। তবে করোনার কারণে যেমন সীমান্তের শূন্যরেখায় কারও যাওয়ার অনুমতি নেই, তেমনি আগের তুলনায় দর্শনার্থীর সংখ্যাও কম রয়েছে। তারা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে এসেছেন।

শারদীয় দুর্গাপূজা শুরুর পর থেকে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন যানবাহন নিয়ে দর্শনার্থীরা আসছেন হিলি সীমান্তে। অপরদিকে, ভারতের অভ্যন্তরেও তাদের দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন বাংলাদেশের পূজা দেখতে ও আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে।

তবে এবারে করোনার কারণে সীমান্তের শূন্যরেখায় যাওয়ার অনুমতি দিচ্ছে না বিজিবি। একই সঙ্গে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রি পারাপার বন্ধ থাকায় কেউ পাসপোর্টযোগেও যেতে পারছেন না। যার কারণে সীমান্তের দুপারে দাঁড়িয়ে ছবি তুলে বাড়ি ফিরে যাচ্ছেন আগতরা। অন্যান্য বছর পূজার সময় দুদেশের দর্শনাথীদের পদচারণায় হিলি সীমান্ত মিলনমেলায় পরিণত হতো।