রাজধানীতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে ‘মলম ও অজ্ঞান পার্টির’ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৪ নম্বর গেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি)  সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল। গ্রেপ্তাররা হলো মো. আবুল কাসেম, মো. শুকুর আলী, মো. মাসুম মোল্লা, মো. শওকত আলী ও মো. নীরব। এ সময় তাদের কাছ থেকে ১৪টি নেশাজাতীয় নকটিন ও ৫ এমজি ট্যাবলেট জব্দ করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখার ডিসি মো. ওয়ালিদ হোসেন জানান, জুস, শরবত ও অন্যান্য পানীয়ের সঙ্গে নকটিন ট্যাবলেট মিশিয়ে কৌশলে পথচারীদের পান করাত সংঘবদ্ধ একটি চক্র। এরপর ওই পানীয় পানের পর অচেতন হয়ে পড়লে পথচারীদের সর্বস্ব কেড়ে নিত চক্রটির সদস্যরা।