রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৭টার দিকে ভবনটির বেজমেন্ট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দুই ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে ৯টার দিকে আগুন নেভায়। আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ভবনের বেজমেন্ট ও বিভিন্ন ফ্লোরের এসি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ওই ভবনের পাশ দিয়ে যাওয়া স্যাটেলাইট টিভি, ইন্টারনেট ও বিদ্যুতের তার পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, সকাল ৬টা ৪৯ মিনিটে বিডিবিএল ভবনের বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সকাল ৯টায় আগুন নেভে। আগুনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আগুনে ৬, ১৬, ১৭ ও ১৮ তলায় বেশ কিছু এসি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ভবনের নিরাপত্তাকর্মীদের ধারণা, ভবনের বাইরে থাকা ঝুলন্ত তারের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তারা জানান, হঠাৎ তারের আগুন বিভিন্ন তলার বাইরে থাকা এসিতে ছড়িয়ে পড়ে। এতে ১৮ তলায় এসি ও বাইরের অংশে বেশি আগুন জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, ভবনের পেছন দিকে বেশ কিছু ডিশের তার রয়েছে। সেখান থেকে আগুন লাগতে পারে। আগুন সেখান থেকে ওপরের দিকে উঠে গেছে।