শুধু মামলা করে দুর্নীতি কমানো যাবে না : দুদক সচিব

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেছেন, শুধু মামলা করে দুর্নীতি কমানো যাবে না, প্রতিরোধের ওপর জোর দিতে হবে। কোনো একক প্রতিষ্ঠান নয়, সবখানেই কমবেশি দুর্নীতি আছে। গতকাল রবিবার সুনামগঞ্জে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুদকের প্যানেলভুক্ত আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

যেখানে নেতৃত্ব দুর্নীতিমুক্ত সেখানে দুর্নীতি কম হয় জানিয়ে দিলোয়ার বখত আরও বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। শুধু মামলা হলো আর শাস্তি হলো নাÑ সেটা হয় না। শাস্তি নিশ্চিত করতে হবে। প্রত্যেক দপ্তরের দায়িত্ব তার প্রতিষ্ঠানের দুর্নীতি চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এজন্য শুদ্ধাচার কমিটিগুলোকে কাজে লাগাতে হবে।

সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে দুদকের সমন্বিত সিলেট জেলা কার্যালয় এ মতবিনিময় সভায় আয়োজন করে। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান। দুদকের সিলেট কার্যালয়ের পরিচালক এসএম মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও স্বাগত বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নুরুর রব চৌধুরী।