রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শনিবার পালিত হয় পরী মনির জন্মদিনে। এবার দিনটির থিম রং ছিল সবুজ। সে হিসেবে ময়ূরের বেশে অতিথিদের সামনে ধরা দেন নায়িকা। যা দেখে চমকে যান অনেকে। তবে আরও চমক ছিল!
বিশেষ করে মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিনকে পরীর পাশে দেখে প্রথমে অনেকেই বিশ্বাস করতে পারেননি।
এক সময় দুই অভিনেত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। যা সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত গড়িয়েছিল। তাই এই চমকে যাওয়া।
পরীর জন্মদিনের পর দিন রবিবার ফেইসবুকে দুটো ছবি শেয়ার করেন ফারিয়া। ‘চমক’ শিরোনামে ক্যাপশন দিয়ে বলেন, আগে যা হয়েছেন তার জন্য আমরা অনুতপ্ত।
পুরো লেখাটি এমন, “শুভ জন্মদিন, আমার বান্ধবী পরী মনি। কোনো কারণ ছাড়াই অতীতে আমরা ঝগড়া করেছি, দুজনই সেটা এখন বুঝতে পারছি। আগে যা হয়েছে তার জন্য আমরা অনুতপ্ত। এখন আমরা খুব ভালো বন্ধু। জীবন কত অনিশ্চয়তায় ঘেরা, তাই আর কোনো ঝগড়া নয়।”
শোনা যায়, ফারিয়া শাহরিনের সাবেক প্রেমিকের সঙ্গে পরী মনির সম্পর্ক নিয়েই ঝগড়ার সূত্রপাত। তবে সেই সব শুধুই অতীত। দুজনের মনে সে ঘটনার কোনো ছাপ নেই।