ফেনী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার স্ত্রী জেসমিন মাসুদ চৌধুরী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
এমপি মাসুদ উদ্দিনের ছোট ভাই সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, গত কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন তার ভাই। অবস্থার উন্নতি না হওয়ায় গত শনিবার ঢাকার একটি হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দেন তিনি এবং তার স্ত্রী।
সাইফ বলেন, রবিবার নমুনা পরীক্ষায় তাদের দুজনের করোনাভাইরাস পজিটিভ আসে। পরে চিকিৎসকের পরামর্শে তারা দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন।
মাসুদ উদ্দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেন। পরে তিনি জাতীয় পার্টির ফরম কেনেন এবং দলটির সভাপতিমণ্ডলীতে স্থান পেয়ে যান।
আওয়ামী লীগ ওই আসনটি জোটসঙ্গী জাতীয় পার্টিকে ছেড়ে দিলে এমপি নির্বাচিত হন মাসুদ উদ্দিন।