জামিন পেয়েছেন কবি ও চলচ্চিত্র পরিচালক টোকন ঠাকুর। সরকারি সম্পত্তি তছরুপের অভিযোগে রবিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় হয় টোকন ঠাকুরকে। দুপুর ৩টার পর শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।
দেশ রূপান্তরকে আদালত থেকে জামিনের খবরটি নিশ্চিত করেছেন কবি ও নির্মাতা রেজা ঘটক।
তিনি জানান, শর্ত সাপেক্ষে টোকন ঠাকুরের জামিন মিলেছে। তাকে মঙ্গলবার নির্বাহী আদালতে হাজিরা দিতে হবে।
টোকন ঠাকুরকে গ্রেপ্তার প্রসঙ্গে রবিবার রাতে নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন আলী জানান, ঢাকা মহানগর আদালতের (সিএমএম) ৩ অক্টোবর জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি তছরুপের অভিযোগে মামলা করেছিল তথ্য মন্ত্রণালয়।
২০১২-১৩ অর্থ বছরে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ‘কাঁটা’ গল্প অবলম্বনে একই নামের চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান টোকন ঠাকুর। কিন্তু যথা সময়ে সিনেমাটি নির্মাণ করে মুক্তি দিতে পারেননি তিনি।