ঢাকা-সিরাজগঞ্জ উপনির্বাচনে ক্ষমতাসীনরা হামলা চালাচ্ছে: বিএনপি

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের ‘সশস্ত্র সন্ত্রাসীরা’ বিএনপির প্রার্থী, সমর্থক ও ভোটারদের ওপর বেপরোয়াভাবে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ অভিযোগ করেন।

বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা এই বিএনপি নেতা বলেন, ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা বেপরোয়াভাবে বীরদর্পে হামলা চালাচ্ছে বিএনপির প্রার্থী, সমর্থক ও ভোটারদের ওপর।

এছাড়া পুরোনো মামলা কিংবা নতুন গায়েবি মামলার হুমকি দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতন ও গ্রেপ্তার ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ জাতীয় সংসদ উপনির্বাচনে আওয়ামী লীগ একের পর এক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে বলেও অভিযোগ করেন প্রিন্স।

তিনি বলেন, সরকারি দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস এবং নানান দুষ্কর্মকে আড়াল করতেই সরকার তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে ভোট ডাকাতির খেলায় উঠেপড়ে লেগেছে।

এ সময় প্রিন্স বলেন, গতকাল পুরান ঢাকার মালিটোলায় অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ এর স্কুল গেট থেকে নামফলক মেয়রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সরিয়ে নেওয়া হয়।

এই প্রতিহিংসাপরায়ণ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের আহ্বান জানান তিনি।