চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের অন্যতম বড় ঘটনা ছিল নিজেদের মাঠে শাখতার দোনেৎস্কের কাছে রিয়াল মাদ্রিদের হার। লিগে পুঁচকে কাদিজের কাছে হারের কয়েকদিনের মধ্যে ৩-২ গোলে ইউক্রেনীয় ক্লাবের কাছে হেরে চাপে পড়েছিল মাদ্রিদ জায়ান্টরা। কিন্তু এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে সেই চাপমুক্ত হয়ে আজ জার্মান ক্লাব মনশেনগ্লাডবাখের মাঠে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন জিনেদিন জিদানের শিষ্যরা। তার আগেই গ্রুপের অন্য ম্যাচে শাখতারের মাঠে খেলবে ইন্তার মিলান। আজ আছে গ্রুপ ‘এ’ থেকে গ্রুপ ‘ডি’ এর ম্যাচগুলো।
চ্যাম্পিয়নস লিগে বা অন্য কোনো প্রতিযোগিতায় এর আগে মনশেনগ্লাডবাখের সঙ্গে খেলেনি রিয়াল। তাই অচেনা প্রতিপক্ষে এই জার্মান ক্লাব জিদানের জন্য। গত মৌসুমে বুন্দেসলিগায় চতুর্থ হয়ে চ্যাম্পিয়নস লিগ খেলতে এসেছে তারা। এবার এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের দুটি জিতেছে তারা। ড্র করেছে দুটি। ক্লাবটির কোচ মার্কো রোজ বলেন, ‘রিয়ালে অনেক বিশ^মানের ফুটবলার আছে। তবে তাদের খারাপ দিন যেতে পারে। বিষয়টি পুরো আমাদের ওপর যে, তাদের ভুলগুলোর কেমন সুবিধা আদায় করতে পারি।’
ইন্তারের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছিল গ্লাডবাখ। তাই রিয়াল কোচ জিদানকে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে। অপরদিকে প্রথম রাউন্ডে ড্র করা ইন্তারও চাইবে এই ম্যাচে জয় পেতে।
গ্রুপ ‘এ’-তে দারুণ জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করে বায়ার্ন মিউনিখ। কাগজে-কলমে গ্রুপে বায়ার্নের সবচেয়ে কঠিন বাধা আতলেতিকো মাদ্রিদ। তাদের ৪-০তে হারানো বায়ার্ন লোকোমোটিভ মস্কোর মাঠে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না। আতলেতিকো মাদ্রিদও চাইবে নিজেদের মাঠে এফসি সালজবুর্গের বিপক্ষে জয়। বায়ার্ন ও আতলেতিকো দু’দলের জন্যই প্রতিপক্ষ অচেনা। নিজেদের প্রথম ম্যাচে মস্কো ও সালজবুর্গ ২-২ গোলে ড্র করেছিল।
‘সি’ গ্রুপে মার্শেই আতিথেয়তা দেবে ম্যানচেস্টার সিটিকে। নিজেদের প্রথম ম্যাচে ম্যানসিটি ৩-১ গোলে হারিয়েছিল পোর্তোকে। আর অলিম্পিয়াকোসের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল মার্শেই। সবশেষ লিগ ম্যাচে ওয়েস্টহ্যামের সঙ্গে ম্যানসিটির ম্যাচ ১-১ গোলে ড্র হয়। তাই কিছুটা চাপ থাকবে পেপ গার্দিওলার ওপর। অপর ম্যাচে পোর্তোর মাঠে খেলবে অলিম্পিয়াকোস।
‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে লিভারপুল ও আতালান্তা। অ্যানফিল্ডে লিভারপুল আজ খেলবে ডেনমার্কের ক্লাব মিডজিল্যান্ডের বিপক্ষে। প্রথম রাউন্ডের ম্যাচে মিডজিল্যান্ড ৪-০তে হেরেছিল আতালান্তার কাছে। আর লিভারপুল জয় পেয়েছিল ১-০ ব্যবধানে আয়াক্সের বিপক্ষে। গ্রুপের অপর ম্যাচটির দিকেও চোখ থাকবে সমর্থকদের। কারণ ডাচ লিগে শনিবার আয়াক্স রেকর্ড ১৩-০ গোলে হারিয়েছে ভেনলোকে। সেই দলের বিপক্ষে খেলবে সিরি আ’তে সবশেষ ম্যাচে সাম্পদোরিয়ার কাছে ৩-১ গোলে হারা আতালান্তা। গেলবার প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলতে এসে কোয়ার্টার ফাইনাল খেলেছিল আতালান্তা।