সর্বোচ্চ শস্তি হিসেবে মৃত্যুদ- আইন হওয়ার পরও থেমে নেই ধর্ষণের ঘটনা। প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ পাওয়া যাচ্ছে। গতকাল সোমবারও দেশের পাঁচ জেলায় শিশু-কিশোরীসহ পাঁচজনকে ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির খবর পাওয়া গেছে। এরমধ্যে নোয়াখালীতে এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সাভারে নারী পোশাক শ্রমিকের ঘরে ঢুকে তাকে ধর্ষণের খবর পাওয়া গেছে। নোয়াখালীতে এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে একই মাদ্রাসার দুই কিশোর ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া নারায়ণগঞ্জে বাবার বিরুদ্ধে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের চেষ্টা ও ঝালকাঠিতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে :
নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণ : নোয়াখালীর হাতিয়ায় এক কিশোরী গৃহকর্মীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের ওই ঘটনায় গতকাল সোমবার হেলাল উদ্দিন (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে গত রবিবার দুপুরে হেলালের বিরুদ্ধে একটি মামলা করেন ভুক্তভোগী। নির্যাতিতার দাবি, গত শনিবার রাতে উপজেলার পূর্ব রসুলপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীর পাড়ে তাকে ধর্ষণ করে হেলাল। মামলার এজাহারে বলা হয়, গত শনিবার গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে ওই কিশোরীকে তুলে নিয়ে যায় আগে থেকেই ওঁৎ পেতে থাকা হেলাল। পরে জামসেদ নামে একজনের সহায়তায় কিশোরীকে ধর্ষণ করে হেলাল। হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, অভিযুক্ত হেলালকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাভারে ধর্ষণের শিকার নারী : সাভারে নারী পোশাক শ্রমিকের ঘরে ঢুকে তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। নির্যাতিতার স্বজনদের দাবি, গত শনিবার গভীর রাতে সাভার নামাবাজার কাঠপট্টি এলাকার কাজী সাহেবের বাড়িতে ধর্ষণের শিকার হয় ওই নারী। মামলার এজাহারে বলা হয়, গত শনিবার রাতে কারখানা থেকে বাসায় ফিরে খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে পড়েন ওই নারী। পরে রাত ৩টার দিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি দরজা খুলে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে এলে ওই ব্যক্তি পালিয়ে যায়। সাভার মডেল থানার ওসি (তদন্ত) আল-আমীন জানান, এ ঘটনায় গতকাল সকালে একটি মামলা করেন ভুক্তভোগীর বাবা। অভিযুক্তকে শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নোয়াখালীতে মাদ্রসাছাত্রকে ধর্ষণ : বেগমগঞ্জে আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার একলাশপুর এলাকার ওই ঘটনায় গত রবিবার রাতে অভিযুক্ত দুই কিশোরকে আটক করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। ভুক্তভোগী শিশুটির বাবা জানান, গত শুক্রবার ছেলের সঙ্গে দেখা করতে মাদ্রাসায় গেলে তাকে সব ঘটনা খুলে বলে সে। শিশুটি জানায়, ওই মাদ্রাসারই দুই শিক্ষার্থী দীর্ঘদিন ধরেই তাকে যৌন নির্যাতন করে আসছে। ঘটনাটি কাউকে না জানাতে তাকে নানা হুমকিও দেওয়া হয়েছে। বেগমগঞ্জ থানার এসআই মোস্তাক আহমেদ জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেন। দুই আসামিকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জে মেয়েকে ধর্ষণচেষ্টায় বাবা গ্রেপ্তার : রূপগঞ্জে ১৩ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. দেলোয়ার হোসেন (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার সন্ধ্যায় উপজেলার আগলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, ওই কিশোরীর মা সৌদি প্রবাসী। গত শনিবার গভীর রাতে বাড়ির পাশে একটি আখ ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে তার বাবা দেলোয়ার। এ ঘটনায় রবিবার সকালে ওই কিশোরী নিজে বাদী হয়ে তার বাবাকে আসামি করে থানায় মামলা করে।
ঝালকাঠিতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি : নলছিটিতে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে (১৩) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় গত রবিবার রাতে রিপন হোসেন হাওলাদার নামে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত রিপন নলছিটি শহরের পুরান বাজার এলাকার মো. তাহের হাওলাদারের ছেলে ও স্থানীয় মানপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার এজাহারে বলা হয়, কয়েক মাস ধরেই ওই স্কুলছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করতেন রিপন। গত বুধবার সকালে স্কুলছাত্রীকে জড়িয়ে ধরে তার শ্লীলতাহানি করেন তিনি। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যান রিপন।
নলছিটি থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।