কিশোরীর গর্ভপাত, সিনিয়র নার্স গ্রেপ্তার

অবিবাহিত কিশোরীর গর্ভপাত ঘটানোর দায়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স দেলোয়ারা বেগমকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই কিশোরীর মায়ের দায়ের করা মামলায় মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত নার্স দেলোয়ারা বেগমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। 

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, পটুয়াখালীর গলাচিপার ১৭ বছরের ওই কিশোরীকে গত ২২ ফেব্রুয়ারি রাতে জোরপূর্বক  ধর্ষণ করে মাসুম নামের এক যুবক। এতে গর্ভবতী হয়ে পড়ে ওই কিশোরী। পরে ৪ মার্চ আখিনুর বেগম ও দিনা বেগম নামের দুই নারী ওই কিশোরীকে গলাচিপা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স দেলোয়ারা বেগমের মাধ্যমে গর্ভপাত করায়। ফলে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ে এবং বেশ কিছুদিন গলাচিপা হাসপাতালে চিকিৎসারত থাকে।

এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে ১১ মার্চ গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।