না ফেরার দেশে সাবেক ফিফা রেফারি আবদুল আজীজ

সাবেক ফিফা রেফারি আবদুল আজীজ আর নেই। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি ইন্তেকাল করেন। মৃত্যু তার বয়স হয়েছিল ৬৮ বছর।

আবদুল আজীজ ছিলেন সবচেয়ে কম বয়সে ফিফা ব্যাজ পাওয়া বাংলাদেশি রেফারি। ২৮ বছর বয়সে তিনি ফিফা ব্যাজ পান।

১৯৮১ থেকে ১৯৯১ পর্যন্ত তিনি ফিফা রেফারি হিসেবে ২৮টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। এর মধ্যে ছিল বিশ্বকাপ বাছাইপর্ব, অলিম্পিক ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ।

১৯৭৪ সালে সহকারী রেফারি হিসেবে প্রথম ফুটবল ম্যাচ চালিয়েছিলেন আবদুল আজীজ। ১৯৭৫ সালে ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা ওয়ান্ডারার্স ম্যাচে প্রথমবার প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। ঘরোয়া ফুটবলে তিনি পাঁচ শর বেশি ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১২ অক্টোবর হৃদ্‌রোগে আক্রান্ত হলে আব্দুল আজীজকে ভর্তি করা হয়েছিল বিএসএমএমইউ-তে। এরপর কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছিলেন। ১৭ অক্টোবর কিডনিজনিত সমস্যার কারণে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। ২১ অক্টোবর তার করোনা পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। মঙ্গলবার দুপুরে আবারো হার্ট অ্যাটাক হলে তাকে আর বাঁচানো যায়নি।