মুক্তিযুদ্ধের ইতিহাস যারা বিকৃত করছে তাদের কঠিনভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, মিথ্যা ও বিকৃত ইতিহাস থেকে জাতিকে বের করে আনতে হবে।
মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর সংসদ ভবনের সামনের ফুটপাতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ আর বিপক্ষের শক্তি বিএনপি-জামায়াত। ১৯৭৫ সালের পরে জেনারেল জিয়া রাষ্ট্র ক্ষমতা দখল করে জাতিকে বিভক্ত করে দিয়েছে। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেয় জিয়া। তারই ধারাবাহিকতায় ক্ষমতা দখল করে এক এক করে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেন।
হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত কঠোর পরিশ্রম করে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন। এই উন্নয়ন আরও দ্রুতগতিতে হতে পারত দেশ থেকে বিভক্তি দূর করা সম্ভব হলে। তাই আমাদের শপথ নিতে হবে দেশ ও সমাজ থেকে বিভক্তি দূর করার।
অনুষ্ঠানে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমাদের আচার আচরণে আরও গ্রহণযোগ্য হতে হবে। আপনারা জানেন শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থানে। অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তিনি ভাবেন না কে এমপি পুত্র, কে মন্ত্রী পুত্র। কোনো অন্যায় এবং অন্যায়কারীকে প্রশ্রয় দেন না তিনি।
সংগঠনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মৃণাল কান্তি দাস।