বাংলাদেশ ও ভারতের বিচারকদের প্রশিক্ষণ নিয়ে আলোচনা

বাংলাদেশের বিচারিক ও উচ্চ আদালতের বিচারক এবং আইনজীবীদের পারস্পরিক সহযোগিতা ও প্রশিক্ষণের বিষয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার গুলশানে আইনমন্ত্রীর বাসভবনে তার সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামীর বৈঠক হয়।

বৈঠকে শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। প্রত্যেক দিনই এই বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। এই বিশ্বাস এবং আস্থা নিয়েই আমাদের কথোপকথন। আমরা আরও যেটা নিয়ে আলাপ করেছি, সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের আইনের অবকাঠামো প্রায় একই।

তিনি বলেন, উভয় দেশের বিচারিক আদালত এবং উচ্চ আদালতের বিচারক ও বিচারপতিদের মধ্যে এবং আইনজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং প্রশিক্ষণের জন্য আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে- সেগুলো কীভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা হয়েছে।

আনিসুল হক বলেন, আমাদের আলোচনা বন্ধুত্বপূর্ণ হয়েছে। আজকে যেসব কথা বলেছি সেগুলো ভবিষ্যতে কাজে পরিণত করবো।

এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের বিচার পদ্ধতিতে আইনমন্ত্রীর ভূমিকা প্রশংসনীয়। বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীসহ সর্ব সাধারণের জন্য আমাদের সহযোগিতা থাকবে।

তিনি বলেন, আমাদের উভয় দেশের বিচারিক পদ্ধতি প্রায় এক। এর ফলে আমরা একে অপর থেকে শিখতে পারব এবং কাজ করতে পারব। কারণ দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য কোনো প্রতিবন্ধকতা নেই।