রাজধানীর চকবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইলিয়াস (২৫) নামে প্লাস্টিক কারখানার এক কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সেলিম রেজা (২৫) নামে এক নির্মাণশ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে চকবাজার খাজে দেওয়ান ১ম লেনে এই ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদের ২জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টায় ইলিয়াসকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর উপজেলার গোলাম নবীর ছেলে ইলিয়াস। খাজে দেওয়ান ১ম লেনের ৩৮/২ নম্বর বাসায় তিনি থাকতেন।
নিহত ইলিয়াসের চাচাতো ভাই আইয়ুব আলী জানান, বাসারই নিচ তলায় ‘আফসার প্লাস্টিক লিমিটেড’ নামে একটি প্লাস্টিক কারখানায় কাজ করে ইলিয়াস। রাতে কারখানার ভেতরে এক দুর্বৃত্ত ঢুকে ইলিয়াসকে ও সেলিম রেজাকে ছুরিকাঘাত করে। তবে কি কারণে তাদের ছুরিকাঘাত করেছে তা বলতে পারি না।
এদিকে আহত সেলিম রেজাও ওই দুর্বৃত্তকে চেনেন না বলে জানান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ইলিয়াসের বুকসহ কয়েকটি জায়গায় আঘাত রয়েছে। তার মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আর সেলিমের বাম হাতে ও বাম পায়ের রানে ছুরিকাঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, প্লাস্টিক কারখানার ভেতরে ছুরিকাঘাতে ২জন আহত হয়েছে। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে ১ জনের মৃত্যু হয়। আরেকজন চিকিৎসাধীন রয়েছে। কে বা কারা তাদের ছুরিকাঘাত করেছে তা জানার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।