ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠনের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের পর বিক্ষোভ মিছিল নিয়ে ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে গুলশানের দিকে রওনা হন সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ সেটি আটকে দেয়। এসময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়।
বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, সংসদে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করা, বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস সরিয়ে দেওয়াসহ কয়েক দফা দাবি উপস্থাপন করেন। এসব দাবি না মানলে কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। সমাবেশ শেষে ইসলামী আন্দোলনের আমীর মাওলানা সৈয়দ রোজাউল করিমসহ দলটির নেতারা বক্তব্য রাখেন। প্রসঙ্গ গত ১৬ অক্টোবর প্যারিসের উপকণ্ঠে দেশটির এক স্কুলশিক্ষকের শিরেদ করে ১৮ বছর বয়সী এক কিশোর। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিতর্কিত কার্টুন শিক্ষার্থীদের প্রদর্শনের কারণে ক্ষুব্ধ ওই কিশোর স্কুলশিক্ষককে হত্যা করে। পরে ফ্রান্সের সরকার ওই স্কুলশিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত করে এবং বিভিন্ন ভবনের গায়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিতর্কিত সেই কার্টুনের প্রদর্শন করতে থাকে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এই অবস্থানের প্রতিবাদে আরব উপসাগরীয় অঞ্চলসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ফ্রান্সের পণ্য বর্জন করছে।